জাতীয় স্বার্থে প্রয়োজনে সরকারকে সমর্থন দেব: জামায়াত আমির
মানব কথা ডেস্ক:
জাতীয় স্বার্থে সরকারের ভালো কাজের প্রতি সমর্থন জানানো হবে, আর ভুল হলে প্রতিবাদ করা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, বিরোধী দলের দায়িত্ব হলো জনগণের অধিকার ও স্বার্থের পক্ষে কথা বলা। বৈষম্যহীন, মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রবাসীসহ দেশ-বিদেশের সব নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। রোববার (২২ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ক্যাম্পবেলটাউনে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ‘জুলাই অভ্যুত্থান ও তার পরবর্তী সময়: ভয়েসেস ফ্রম অস্ট্রেলিয়া’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে জামায়াত আমিরকে ফুল দিয়ে বরণ ও সংবর্ধনা জানানো হয়। ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় স্বার্থে যেখানে সরকারের ভালো কাজের সমর্থন দেওয়া প্রয়োজন, সেখানে সমর্থন দেওয়া হবে। আর যেখানে ভুল হবে, সেখানে প্রতিবাদ করা হবে। বিরোধী দলের দায়িত্ব জনগণের অধিকার ও স্বার্থের পক্ষে কথা বলা। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের রায়কে সম্মান করতে হবে। যোগ্য ও সৎ ব্যক্তিদের নিয়ে দেশ পরিচালনা করতে হবে এবং দুর্নীতির ঊর্ধ্বে থাকতে হবে। দেশের বর্তমান সন্ত্রাস, নৈরাজ্য, দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে বিরোধীদলীয় নেতা বলেন, শুধু আর্থিক রেমিট্যান্স নয়, প্রবাসীদের মেধা, জ্ঞান, অভিজ্ঞতা ও গবেষণালব্ধ অর্জনও দেশের উন্নয়নে কাজে লাগাতে চায় জামায়াত। এ জন্য ‘ইন্টেলেকচুয়াল রেমিট্যান্স’ বা মেধাভিত্তিক অবদানের ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত মেধাবী বাংলাদেশিরা যেন জন্মভূমিতে ফিরে এসে দেশের উন্নয়নে অবদান রাখতে পারেন, সেই পরিবেশ তৈরি করতে চান তারা। আল্লাহ সুযোগ দিলে প্রবাসীদের সঙ্গে অতিথির মতো নয়, বরং ভাই, সন্তান ও পিতার মতো আচরণ করা হবে বলেও মন্তব্য করেন তিনি। জুলাই অভ্যুত্থানের স্মৃতিচারণ করে জামায়াত আমির বলেন, জুলাইয়ের যোদ্ধারা এখনো জীবিত আছেন। তাঁদের অনেকের হাত-পা নেই, কেউ চোখ হারিয়েছেন; কিন্তু মনোবল হারাননি। আহত যোদ্ধাদের জাতির প্রয়োজনে আবারও লড়াই করতে পারবেন কি না—এমন প্রশ্ন করলে তাঁরা ক্রাচে ভর করেও দেশের জন্য লড়াই করার প্রত্যয় ব্যক্ত করেছেন বলে জানান তিনি। জুলাই-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, গণভোটে জনগণ যে রায় দিয়েছেন, তা বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সংসদেও কথা বলা হয়েছে। জনগণের রায় উপেক্ষা করে বাংলাদেশে রাজনীতি চলতে পারে না। জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখিয়ে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে। তিনি আরও বলেন, এ বিষয়ে তাঁদের অবস্থান স্পষ্ট। কোনো চাপ বা প্রলোভনে তাঁরা আদর্শ ও অঙ্গীকার থেকে সরে আসবেন না।
জামায়াত আমির বলেন, কোনো দল বা ব্যক্তি তাঁদের শত্রু নয়। কোনো দল বা ব্যক্তি দেশের বিরুদ্ধে অপকর্ম করলে সেই অপকর্মই তাঁদের প্রতিপক্ষ। তাঁরা একটি ঐক্যবদ্ধ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ চান। বাংলাদেশ একদিন বদলাবে এবং সেই পরিবর্তনের সারথি হবে এ দেশের জনগণ। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে বক্তব্য দেন পশ্চিম সিডনির ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ খলিল। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমিক ও গবেষক, রাজনৈতিক বিশ্লেষক এবং সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভ ও গ্লোবাল ভয়েস ফর হিউম্যানিটির নির্বাহী পরিচালক শিবলী সোহাইল। এ ছাড়া সঞ্চালনায় ছিলেন ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবু ইউসুফ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসিফ ইকবাল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব (এপিএস) মুহাম্মদ নজরুল ইসলাম। এতে অস্ট্রেলিয়ায় বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। তাঁদের অনেকে বক্তব্যের মাধ্যমে প্রবাসীদের প্রত্যাশা ও মতামত তুলে ধরেন।









