ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
মানব কথা ডেস্ক:
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫১৯ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১৮ জনে। আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৭৩ হাজার। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগের (দুই সিটি করপোরেশনসহ) ৭৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া বরিশাল বিভাগে ১৬৭ জন, চট্টগ্রামে ১৫০ জন, খুলনায় ১৭৪ জন, রাজশাহীতে ১৩৩ জন, ময়মনসিংহে ৭৬ জন এবং রংপুরে ৬৪ জন ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৭০ জন। এ পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৮৮৫ জন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৩ হাজার ৪৭৩ জনে। একই সময়ে মারা গেছেন ৫১৮ জন।
মাসভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, জানুয়ারিতে দুজন, ফেব্রুয়ারিতে দুজন, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন, আগস্টে ৪৩ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন এবং অক্টোবরে ১৭৪ জনের মৃত্যু হয়েছে। বিভাগভিত্তিক হিসাবে চলতি বছরে সবচেয়ে বেশি ২৬১ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর খুলনায় ৮৮ জন, চট্টগ্রামে ৫২ জন, ময়মনসিংহে ৪০ জন, বরিশালে ৩৩ জন, রাজশাহীতে ৩১ জন, রংপুরে ৯ জন এবং সিলেট বিভাগে চারজনের মৃত্যু হয়েছে।









