চাটখিলে জোরপূর্বক ভূমি দখল ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

সময়: 5:56 pm - December 10, 2025 |

আনিছ আহম্মদ হানিফ:নোয়াখালীর চাটখিল পৌরসভার ছয়ানী টবগা গ্রামে পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে জোরপূর্বক ভূমি দখল ও হামলার শিকার হওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক বিধবা নারী তাহেরা বেগম (৫৫) ও তার সন্তানরা।

১০ ডিসেম্বর (বুধবার) দুপুরে চাটখিল উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে তাহেরা বেগম জানান, বিষয়টি নিয়ে তিনি ইতোমধ্যে চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের নিকট হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদ সম্মেলনে তাহেরা বেগম বলেন, চাটখিল পৌরসভার ছয়ানী টবগা বড় ভূঁইয়া বাড়িতে তার স্বামীর পৈতৃক ওয়ারিশী সম্পত্তি নিয়ে প্রায় ১০ বছর ধরে ছয়ানী টবগা বড় ভূইয়া বাড়ীর মৃত আজিজ উল্যা ছেলে মিজানুর রহমান (৫২), নূরুল আমিন (৬৫), দুলাল (৬২), মৃত খোকা মিয়ার ছেলে আক্তার (৫৪) গং তাদের উপর নিয়মিত হামলা-উৎপীড়ন চালিয়ে যাচ্ছে। সর্বশেষ গত ৮ ডিসেম্বর অভিযুক্তরা তার রান্নাঘরের টিন জোরপূর্বক খুলে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। তখন মিজান, আক্তার, নূরুল আমিন, দুলালসহ ৬-৭ জন তাকে ও তার সন্তানদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় তারা এলোপাতাড়ি কিল-ঘুষি ও লোহার রড দিয়ে পিটিয়ে তাহেরা বেগমের মাথা ফাটিয়ে দেয়।

তিনি জানান, অভিযোগ দায়ের করার পর থেকে অভিযুক্তরা উল্টো তাকে ও তার সন্তানদের প্রাণনাশের হুমকি দিচ্ছে, যা তাদেরকে চরম নিরাপত্তাহীনতার মধ্যে ফেলেছে।

সংবাদ সম্মেলনে তাহেরা বেগম ও তার সন্তানরা সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের নিকট হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদের জান-মালের সুরক্ষা নিশ্চয়তার জন্য জোর আবেদন জানান।

Share Now

এই বিভাগের আরও খবর