সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: স্বরাষ্ট্রমন্ত্রী

সময়: 9:56 am - March 11, 2026 |

মানব কথা: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদে ভাষণ দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১১ মার্চ) দুপুরে সংসদ থেকে বের হয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগামীকাল বৃহস্পতিবার সংসদ অধিবেশন শুরু হবে। প্রথম অধিবেশনের সভাপতি, স্পিকার, ডেপুটি স্পিকার কে হবেন, সে বিষয়ে বিধি মোতাবেক আহ্বান করবেন সংসদ নেতা তারেক রহমান। স্পিকার, ডেপুটি স্পিকারকে বিধি মোতাবেক শপথগ্রহণ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

তিনি আরও জানান, এরপর আবার অধিবেশন বসবে। সেই অধিবেশনে সুপ্রস্তাব আসবে, সেগুলোর ওপর আলোচনা হবে। পরবর্তীতে জাতীয় সংসদে অর্ডিন্যান্স (১৩৩টি) উত্থাপন করবেন আইনমন্ত্রী। এরপর হবে রাষ্ট্রপতির ভাষণ।

মন্ত্রী বলেন, সংসদ অধিবেশন বসার পর জনপ্রত্যাশা, শহীদদের আকাঙ্ক্ষাসহ জুলাই সনদে যা কিছু সম্মত হয়েছি, সেটি ধারণ করব।

সংখ্যাগরিষ্ঠতা থাকায় সাধারণত ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। তবে ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। সেই প্রস্তাব আপাতত নাকচ করে দেওয়ার কথা জানিয়েছে জামায়াত।

আজ সংসদ ভবনে বিরোধী দলীয় সংসদীয় কমিটির সভা শেষে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনার পর ডেপুটি স্পিকারের বিষয়ে সিদ্ধান্ত জানাবে।

Share Now

এই বিভাগের আরও খবর