বাগদাদে বিমান হামলায় নিহত ৪

সময়: 9:21 am - March 17, 2026 |

মানব কথা: ইরাকের রাজধানী বাগদাদে একের পর এক বিস্ফোরণ ঘটেছে। অত্যন্ত সুরক্ষিত গ্রিন জোনে মার্কিন দূতাবাস চত্বরের কাছে ড্রোন হামলা চালানো হয়। পাশের জাদরিয়াহ জেলায় ইরান-সমর্থিত একটি গোষ্ঠীর ভবনে বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে দূতাবাসের সি-র‌্যাম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অন্তত দুটি ড্রোন ভূপাতিত করেছে। তবে তৃতীয়টি দূতাবাস চত্বরের ভেতরে আঘাত হেনেছে বলে রয়টার্স জানিয়েছে।

বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন, রকেট হামলা

সংবাদমাধ্যম আলজাজিরার যাচাই করা ভিডিওতে দূতাবাসের আশপাশ থেকে আগুন ও ধোঁয়া উঠতে দেখা গেছে। যদিও মার্কিন দূতাবাস এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পপুলার মবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) বাগদাদের মার্কিন দূতাবাস, ইবরিলের কনস্যুলেট ও বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে কয়েক ডজন বার হামলা চালিয়েছে।

পাল্টা আক্রমণ হিসিবে প্রাণঘাতী বিমান হামলা চালানো হয়েছে বাগদাদের জাদরিয়াহর একটি ভবনে। ভবনটি ইরান-সমর্থিত পিএমএফের সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হতো। এএফপি জানিয়েছে, ওই ভবনে ইরানি উপদেষ্টারাও থাকতেন।

এর কয়েক ঘণ্টা আগে গ্রিন জোনের আল রশিদ হোটেলেও ড্রোন হামলায় আগুন লাগে। তবে কেউ হতাহত হননি। এই হোটেলে ইউরোপীয় ইউনিয়ন, সৌদি আরবসহ বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন ও বিদেশি তেল কোম্পানির কর্মীরা থাকেন।

আলজাজিরার প্রতিবেদক জানিয়েছেন, হোটেলে এই হামলা চালানো হয়েছে সিরিয়া সীমান্তের কাছে আল-কাইম শহরে একটি পিএমএফ চেকপয়েন্টে সন্দেহভাজন মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে। সেই হামলায় অন্তত আট ইরাকি সেনা নিহত এবং সাতজন আহত হয়েছেন।

পিএমএফের অন্যতম বড় গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ সোমবার তাদের একজন ঊর্ধ্বতন কমান্ডার আবু আলী আল-আসকারির মৃত্যুর খবরও জানিয়েছে। তবে বিস্তারিত কিছু বলেনি।

Share Now

এই বিভাগের আরও খবর