যমুনায় ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
মানব কথা: ঈদের দিন কূটনীতিক, শিক্ষাবিদসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাষ্ট্রীয় অতিথি ভবন যুমনায় সকাল ১০টায় এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান হবে বলে প্রধান মন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন।
তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। এরপর সকাল ১০টায় যমুনায় আসবেন। সেখানে কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
“পরে মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, আলেম-ওলামা-মশায়েখ, শিল্পী-সাহিত্যিক, উচ্চ পদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তাসহ সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।”
ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরে তার বাবা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন।
শেরেবাংলা নগরে কবর জিয়ারতের পর গুলশানের বাসায় যাবেন প্রধানমন্ত্রী।
যুক্তরাজ্যে দীর্ঘ দেড় যুগ নির্বাসন কাটানোর পর এবারই প্রথম দেশে ঈদ করছেন তারেক রহমান। গত বছরের ২৫ ডিসেম্বর পরিবার নিয়ে তিনি দেশে ফেরেন।
১২ ফেব্রুয়ারি এয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির বিপুল বিজয়ের পর তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।













