৩০ এপ্রিল সিলেট থেকে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: প্রধানমন্ত্রী
মানব কথা: প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন, আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে দেশব্যাপী ক্রীড়া প্রতিভা অন্বেষণ কার্যক্রম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু করা হবে।
সোমবার (৩০ মার্চ) সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ক্রীড়াভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন এবং আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত খেলোয়াড়দের ক্রীড়া কার্ড ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী খেলোয়াড়দের মাঝে ‘ক্রীড়া কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের সম্মাননা প্রদান করা হয়।
তারেক রহমান বলেন, স্বাধীনতার পর ১৯৭৬ সালে শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ চালু হয়েছিল, যা বাংলাদেশ টেলিভিশনে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার সম্প্রচার শুরু হয়েছে। এবার সেই উদ্যোগকে সম্প্রসারণ করে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করা হচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে ক্রীড়া এখন আর শুধু বিনোদনের বিষয় নয়; এটি একটি স্বীকৃত পেশা। বাংলাদেশেও ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সরকার কাজ করছে। নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, সেই লক্ষ্য বাস্তবায়নের আনুষ্ঠানিক যাত্রা আজ থেকেই শুরু হলো বলেও উল্লেখ করেন তিনি।













