শিক্ষা-প্রযুক্তির সমন্বয়ে এগিয়ে যাচ্ছে মাদ্রাসা শিক্ষা: সোনাইমুড়ীতে পুরস্কার বিতরণ
মোঃ জাহিদুল ইসলাম: নোয়াখালীর সোনাইমুড়ীতে মমিনা খাতুন দাখিল ও কারিগরি মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও কম্পিউটার প্রশিক্ষণ সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (২৫ এপ্রিল) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এ. এম. মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, আধুনিক বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞান অর্জনে গুরুত্ব দিতে হবে।
ছেরাজুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান মনির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোতাহের হোসেন মানিক, পৌরসভা বিএনপির সদস্য সচিব সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব এবং উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি ফরিদ উদ্দিন, সহ-সভাপতি ডা. ইয়াছিন, সদস্য হারিছ মুন্সি, খোরশেদ আলমসহ শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং কম্পিউটার প্রশিক্ষণ কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও আধুনিক জ্ঞান অর্জনের মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।















