ফেসবুকে নেতিবাচক পোস্টে প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
মানব কথা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে সরকারের বিরুদ্ধে নেতিবাচক পোস্ট ও অপপ্রচার ছড়ানো শিক্ষকদের শনাক্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১২ মে) মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং শিশু কল্যাণ ট্রাস্ট-কে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়। চিঠিতে বলা হয়, দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার, সরকারি দপ্তর ও নীতিগত সিদ্ধান্তের বিরুদ্ধে কটূক্তি, অপপ্রচার এবং আপত্তিকর পোস্ট করছেন বা শেয়ার করছেন, যা সরকারের ভাবমূর্তির জন্য ক্ষতিকর। মন্ত্রণালয় আরও জানায়, সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগের ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯’ সব সরকারি কর্মচারীর জন্য বাধ্যতামূলক। এ নির্দেশনা অমান্য করা সরকারি চাকরি বিধির লঙ্ঘন এবং শৃঙ্খলাভঙ্গের শামিল। নির্দেশনায় বলা হয়েছে, যারা সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের বিরুদ্ধে আপত্তিকর বা নেতিবাচক পোস্ট করছেন, তাদের দ্রুত চিহ্নিত করে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে এবং গৃহীত পদক্ষেপ সম্পর্কে মন্ত্রণালয়কে অবহিত করতে হবে। মন্ত্রণালয়ের এ নির্দেশনার পর বিষয়টি শিক্ষা প্রশাসনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে বলে জানা গেছে।









