অবাধ ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন চায় নির্বাচন কমিশন

সময়: 10:12 am - May 14, 2026 |

মানব কথা দেশের সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন আগামী এক বছরের মধ্যে ধাপে ধাপে সম্পন্ন করার লক্ষ্যে পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে নির্বাচন কমিশন (ইসি)।নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, স্থানীয় সরকার নির্বাচন এখন কমিশনের সর্বোচ্চ অগ্রাধিকার। এ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং আগামী এক বছরের মধ্যে ধাপে ধাপে সব নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি জানান, নির্বাচন আয়োজনের আগে সংশ্লিষ্ট আইন, বিধি ও নীতিমালা সংশোধন, বাজেট বরাদ্দ, প্রশাসনিক প্রস্তুতি এবং মৌসুমি বাস্তবতা বিবেচনায় নিয়ে একটি সমন্বিত কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে।এর আগে গত ৫ মে জেলা প্রশাসক সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আগামী এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন সম্পন্ন করার চেষ্টা করা হবে বলে জানিয়েছিলেন।

ইসি কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচন সাধারণত ধাপে ধাপে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশনসহ সব স্তরের নির্বাচন শেষ করতে দীর্ঘ সময় প্রয়োজন হয়।কোন নির্বাচন আগে অনুষ্ঠিত হবে— এমন প্রশ্নের জবাবে মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কমিশন সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।তিনি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন সংশ্লিষ্ট বিদ্যমান আইন ও বিধিমালা পর্যালোচনার কাজ চলছে। নির্বাচন ব্যবস্থাকে আরও কার্যকর ও গ্রহণযোগ্য করতে কিছু আইনি সংস্কারের প্রয়োজন রয়েছে। এসব পরিবর্তন আনতে তিন থেকে চার মাস সময় লাগতে পারে বলেও জানান তিনি।

ইসি কমিশনার বলেন, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করা হবে। এবারের স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকবে না বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, “জাতীয় নির্বাচন যে মানদণ্ডে হয়েছে, তার নিচে নামার সুযোগ নেই। জনগণের আস্থা বজায় রাখতে নির্বাচন কমিশন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।”

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা আন্তর্জাতিক অঙ্গনে যে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে, তা ধরে রাখার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর