বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, জেনারেটরে আগুন

সময়: 11:01 am - May 17, 2026 |

মানব কথা: সংযুক্ত আরব আমিরাতের আল-দাফরা অঞ্চলে অবস্থিত বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলায় একটি বৈদ্যুতিক জেনারেটরে আগুন লাগার ঘটনা ঘটেছে।

রোববার (১৭ মে) আবুধাবি মিডিয়া অফিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানিয়েছে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এছাড়া বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরীণ নিরাপত্তা বলয়ের বাইরে আগুন লাগলেও তেজস্ক্রিয় নিরাপত্তা ব্যবস্থায় কোনো প্রভাব পড়েনি।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো ঘটনাটি তদন্ত করছে।

এদিকে ইসরায়েলে একটি সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। রোববার ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, প্রবল বিস্ফোরণের শব্দে অধিকৃত এলাকাজুড়ে কম্পন অনুভূত হয়েছে এবং বসতি স্থাপনকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাতে অধিকৃত আল-কুদসের (জেরুজালেম) পশ্চিমে বেইত শেমেশ এলাকায় একটি শক্তিশালী বিস্ফোরণে পুরো অঞ্চল কেঁপে ওঠে।

যদিও ইসরায়েলি বাহিনীর জন্য রকেট ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উন্নয়নে জড়িত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান টোমের কোম্পানি তাৎক্ষণিক এক বিবৃতিতে জানিয়েছে, বিস্ফোরণটি আসলে পূর্বপরিকল্পিত একটি পরীক্ষা ছিল। এটি পরিকল্পনা অনুযায়ী পরিচালিত হয়েছে।

সূত্র : আল জাজিরা

Share Now

এই বিভাগের আরও খবর