চিফ হুইপের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ, গুরুত্ব পেল গণতন্ত্র ও অর্থনৈতিক সহযোগিতা
মানব কথা:জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল। মঙ্গলবার (১৯ মে) জাতীয় সংসদে চিফ হুইপের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে অংশ নেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন মিশনের উপপ্রধান মেগান বলডিন, রাজনৈতিক উপদেষ্টা এরিক গিলান এবং রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ। সাক্ষাৎকালে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র, গণতন্ত্রের অগ্রগতি, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক, জাতীয় সংসদের কার্যক্রম এবং দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। চিফ হুইপ বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় সবসময় পাশে থেকেছে। তিনি আশা প্রকাশ করেন, ডিজিটাল কর্মসংস্থান ও তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের উন্নয়নে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে। বর্তমান সরকারের অর্থনৈতিক পদক্ষেপের প্রসঙ্গ তুলে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের অর্থনীতি স্থিতিশীল করতে কাজ করে যাচ্ছেন। প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও কৃষিঋণ মওকুফসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান তিনি। সংসদ ভবনের স্থাপত্য নিয়েও আলোচনায় গুরুত্ব পায়। চিফ হুইপ বলেন, জাতীয় সংসদ ভবন গণতন্ত্রের প্রতীক এবং এর স্থপতি লুই আই কান-কে বাংলাদেশের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। মেগান বলডিন বলেন, জাতীয় সংসদ ভবন দুই দেশের বন্ধুত্বের শক্তিশালী প্রতীক। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের স্থাপত্য শিক্ষার্থীদের কাছেও ভবনটি বিশেষ আগ্রহের বিষয়।সাক্ষাতে বাংলাদেশের শ্রম আইন সংস্কারের প্রশংসা করে মার্কিন প্রতিনিধিদল জানায়, বিষয়টি ওয়াশিংটনে ইতিবাচকভাবে দেখা হচ্ছে। এছাড়া দুর্নীতি দমন, পরিবেশ সংরক্ষণ ও বন্যপ্রাণী পাচার রোধে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। স্বাস্থ্যখাতে সংক্রামক রোগ মোকাবিলায় আগামী পাঁচ বছরে ৯০ মিলিয়ন ডলার সহায়তার কথাও উল্লেখ করা হয়। প্রতিনিধিদল আশা প্রকাশ করে, বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ভবিষ্যতে মার্কিন বিনিয়োগ আরও বাড়াতে সহায়ক হবে। সাক্ষাৎকালে জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।










