বাউফলে ‘স্বপ্নের সেতু’ পরিদর্শনে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
মানব কথা:বাউফলের বগা এলাকায় লোহালিয়া নদীর ওপর প্রস্তাবিত ‘স্বপ্নের সেতু’ নির্মাণের সম্ভাব্যতা যাচাই করতে গিয়ে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ অবস্থায় ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বিএনপি-জামায়াত সমর্থকদের বাধা ও উত্তেজনাকর পরিস্থিতির কারণে পরে তিনি ফেরত যান। মঙ্গলবার (১৯ মে) দুপুর ১টার দিকে সেতুমন্ত্রী বগা ফেরিঘাট এলাকায় পৌঁছান। সেখান থেকে নদীর পূর্বপাড়ে আয়োজিত একটি সভায় যোগ দিতে ফেরিতে ওঠেন তিনি। সভাটির আয়োজন করেন বাউফল আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তবে মন্ত্রী সভাস্থলে যাওয়ার আগেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান শুরু হলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে মন্ত্রীর গাড়িবহর ঘিরে অবরুদ্ধ করে রাখা হয় বলে জানা যায়। প্রায় ৪৫ মিনিট থেকে এক ঘণ্টা অবরুদ্ধ থাকার পর সেতুমন্ত্রী একই ফেরিতে করে পশ্চিমপাড়ে ফিরে যান। পরে তিনি সেখান থেকে গাড়িবহর নিয়ে পটুয়াখালীর উদ্দেশে রওনা দেন।
ঘটনাস্থলে পটুয়াখালীর সাবেক এমপি আলতাফ হোসেন চৌধুরী এবং জেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। সেতুমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে বাউফল আসনের এমপি ড. শফিকুল ইসলাম মাসুদও ছিলেন। স্থানীয় সূত্রের দাবি, সভায় বিএনপি নেতাকর্মীদের বাধার পেছনে পূর্বপরিকল্পিত অবস্থান থাকতে পারে। তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার পর সেতুমন্ত্রী গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। বিএনপির স্থানীয় নেতারাও এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করেননি।
উল্লেখ্য, বাউফলের লোহালিয়া নদীতে বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণের পরিকল্পনা বিগত সময়ে নেওয়া হলেও ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর প্রকল্পটি স্থবির হয়ে পড়ে। এ সফরের মধ্য দিয়ে প্রকল্পটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হলেও ঘটনার পর এর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।










