ঈদের আগে সাংবাদিকদের বেতন–বোনাস পরিশোধের আহ্বান বিএফইউজে–ডিইউজের

সময়: 12:07 pm - May 20, 2026 |

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের সব সাংবাদিকদের বেতন ও ঈদ বোনাস অবিলম্বে পরিশোধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। বুধবার, ২০ মে ২০২৬ এক যৌথ বিবৃতিতে বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী, ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম দিদার এ দাবি জানান। বিবৃতিতে নেতারা বলেন, ঈদের ছুটি ঘনিয়ে এলেও এখনো অনেক গণমাধ্যম প্রতিষ্ঠান সাংবাদিকদের বেতন ও ভাতা পরিশোধ করেনি। কিছু প্রতিষ্ঠান নিয়মনীতি উপেক্ষা করে নামমাত্র বেতন দিলেও ঈদ বোনাস পরিশোধে টালবাহানা করছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তারা আরও বলেন, যেসব প্রতিষ্ঠান ওয়েজ বোর্ড বাস্তবায়নের ঘোষণা দিয়ে সরকারি সুবিধা গ্রহণ করছে, তাদের অবশ্যই শ্রমিক অধিকার ও ন্যায্য বেতন–বোনাস নিশ্চিত করতে হবে। নেতৃবৃন্দ জনকণ্ঠসহ বিভিন্ন গণমাধ্যমে বিদ্যমান সংকট নিরসনে দ্রুত বকেয়া পরিশোধ এবং স্থায়ী সমাধানের আহ্বান জানান। পাশাপাশি রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) দীর্ঘদিনের অনিয়ম ও বৈষম্য দূর করতে কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, ঈদের আগে সাংবাদিকদের ন্যায্য পাওনা পরিশোধ না করা দুঃখজনক এবং অগ্রহণযোগ্য। অবিলম্বে সব বেতন–বোনাস পরিশোধ করে সাংবাদিকদের স্বস্তিতে ঈদ উদযাপনের সুযোগ দেওয়ার আহ্বান জানানো হয়।

Share Now

এই বিভাগের আরও খবর