চীনের শানসির কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণ, নিহত অন্তত ৯০
মানব কথা:এক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী খনি দুর্ঘটনা, নিখোঁজ আরও ৯,চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের একটি কয়লাখনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত ৯০ জন নিহত হয়েছেন। এক দশকেরও বেশি সময়ের মধ্যে দেশটিতে এটিই সবচেয়ে প্রাণঘাতী খনি দুর্ঘটনা বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে জানা গেছে, দুর্ঘটনার পরও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এখনও নয়জন শ্রমিক নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে কাজ করছে উদ্ধারকারী দল। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, চাংঝি শহরের লিউশেনিউ কয়লা খনিতে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় খনির ভেতরে ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন। প্রাথমিক তথ্যে জানা গেছে, খনির ভেতরে কার্বন মনোক্সাইড গ্যাসের মাত্রা বিপজ্জনকভাবে নির্ধারিত সীমা অতিক্রম করেছিল। এরপরই বিস্ফোরণের ঘটনা ঘটে। শনিবার সকাল ৬টা পর্যন্ত অন্তত ২০১ জন শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সিনহুয়া। দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু করেছে চীনা কর্তৃপক্ষ। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উদ্ধার অভিযান সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালনার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। চীনে খনি দুর্ঘটনা নতুন নয়। বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা ও গ্যাস বিস্ফোরণের কারণে দেশটিতে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে। তবে এবারের দুর্ঘটনা সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ হিসেবে বিবেচিত হচ্ছে।
সূত্র: সিএনএন










