ডিএনসিসিতে ফ্রি মেডিকেল ক্যাম্প চালু করল জামায়াত

সময়: 10:46 am - May 23, 2026 |

মানব কথা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।শনিবার (২৩ মে) সকালে রাজধানীর উত্তরার ৫ নম্বর সেক্টরের আইইএস উচ্চমাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে এ ঘোষণা দেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প নতুন কোনো উদ্যোগ নয়, বরং দীর্ঘদিন ধরে নগরবাসীর জন্য চিকিৎসাসেবা সহজলভ্য করতে এ ধরনের কার্যক্রম চালানো হচ্ছে। সেলিম উদ্দিন জানান, উত্তরা এলাকায় আয়োজিত এই ক্যাম্পে ১৫টি সেবা বিভাগের মাধ্যমে প্রায় পাঁচ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হবে। তিনি আরও বলেন, ভবিষ্যতে প্রতিটি সংসদীয় আসনে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনার পরিকল্পনা রয়েছে। দেশের সরকারি স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা এবং বেসরকারি চিকিৎসার উচ্চ ব্যয়ের কারণে সাধারণ মানুষ অনেক সময় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে মন্তব্য করেন তিনি। এ বাস্তবতায় জনসেবামূলক কার্যক্রম আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।সেলিম উদ্দিন আরও বলেন, চিকিৎসাসেবা সহজলভ্য করতে অ্যাম্বুলেন্স সার্ভিস, ব্লাড ব্যাংক, অক্সিজেন সেবা এবং জরুরি কলের মাধ্যমে বাসায় চিকিৎসক পাঠানোর ব্যবস্থাও চালু রয়েছে। ক্যাম্পে উপস্থিত ছিলেন চিকিৎসক প্রতিনিধি হিসেবে ডা. জিহাদ খান ও ডা. হাসান বান্না। এছাড়া বিভিন্ন পর্যায়ের সংগঠক ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর