ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাক উল্টে নিহত ১৫
মানব কথা:ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরাতৈল এলাকায় রডবোঝাই একটি ট্রাক উল্টে খাদে পড়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। সোমবার (২৫ মে) ভোর সাড়ে ৪টার দিকে যমুনা সেতু সংযোগ সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রডবোঝাই ট্রাকটি যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে কালিহাতীর সরাতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতোয়ার রহমান বলেন, ঘটনাস্থল থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ও আহতদের অধিকাংশের বাড়ি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতদের মধ্যে এখন পর্যন্ত ছয়জনের পরিচয় শনাক্ত হয়েছে। তারা হলেন— নওগাঁর মান্দা উপজেলার সাগর মিয়া (২০), রবিউল ইসলাম (২৫), রাজশাহীর তানোর উপজেলার ইসমাইল হোসেন (১৯), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নজরুল (৬০), সদর উপজেলার মামুন (৪৫) এবং নওগাঁর নিয়ামতপুর উপজেলার সারিকুল (২৫)। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং নিহতদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।









