জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে: ডিএসসিসি
মানব কথা:আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। এতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী অংশ নেবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম। সোমবার (২৫ মে) জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শনে এসে তিনি এ তথ্য জানান। ডিএসসিসি প্রশাসক বলেন, ইতোমধ্যে জাতীয় ঈদগাহের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এখানে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে প্রধান জামাত সকাল ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।তিনি আরও জানান, ঈদগাহে প্রবেশের জন্য চারটি গেট এবং বের হওয়ার জন্য সাতটি গেট রাখা হয়েছে। মোট ১২১টি কাতারের ব্যবস্থা করা হচ্ছে। অজু করার জন্য আলাদা অজুখানা থাকবে, যেখানে একসঙ্গে ১৪০ জন অজু করতে পারবেন।এছাড়া মুসল্লিদের সুবিধার্থে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, পর্যাপ্ত ফ্যান ও লাইট, ভ্রাম্যমাণ টয়লেট এবং প্রাথমিক চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি। সব মিলিয়ে জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক।









