পাঠ্যক্রমে খেলাধুলা অন্তর্ভুক্ত করা হবে, শিক্ষার্থীদের জন্য হবে বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী
মানব কথা:দেশের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে খেলাধুলাকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করে বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।বৃহস্পতিবার রাজধানীর ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা) জাতীয় পর্যায়ের খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, শিশুদের ক্রীড়ামুখী ও সুস্থভাবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। এ লক্ষ্যেই খেলাধুলাকে শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সেই উদ্যোগেরই অংশ।তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুদের শিক্ষা ও কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। শিশুদের জন্য আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি সারাদেশের শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস বিতরণ এবং পুষ্টি নিশ্চিত করতে মিড-ডে মিল (স্কুল ফিডিং) কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।মন্ত্রী জানান, চলতি বছরের মধ্যেই দেশের সব স্কুলে মিড-ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে, যাতে শিশুরা পুষ্টিহীনতায় না ভোগে এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারে।অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন। স্বাগত বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসী। উল্লেখ্য, গত ৬ এপ্রিল ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে শুরু হওয়া প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২২ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। জাতীয় পর্যায়ে দেশের আট বিভাগের চ্যাম্পিয়ন আটটি বালক ও আটটি বালিকা দল অংশ নিচ্ছে। এই পর্বের মধ্য দিয়েই টুর্নামেন্টের চূড়ান্ত প্রতিযোগিতা শুরু হলো।









