নজরুলবর্ষ পালনে সারাদেশে বছরব্যাপী কর্মসূচি ঘোষণা
মানব কথা: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও জীবনদর্শন নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সারাদেশে বছরব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুলবর্ষ’ হিসেবে পালনের ঘোষণা অনুযায়ী এসব কর্মসূচি বাস্তবায়ন করা হবে। রোববার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, নজরুলের অবদান দীর্ঘদিন যথাযথভাবে উপস্থাপিত হয়নি। এ কারণে তাঁর সাহিত্য ও দর্শনকে আরও বিস্তৃতভাবে ছড়িয়ে দিতে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। মন্ত্রী জানান, নজরুলবর্ষ পালনের জন্য একটি জাতীয় কমিটি গঠন করা হবে। পাশাপাশি লোগো, পোস্টার, ক্যালেন্ডার প্রণয়ন এবং স্মারক ডাকটিকিট প্রকাশের পরিকল্পনাও রয়েছে। তিনি বলেন, নজরুলবর্ষ উদ্বোধন উপলক্ষে দেশের ৬৪টি জেলা ও ৭৪টি উপজেলায় আগামী ১৮ থেকে ২০ জুন তিন দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করা হবে। এ কার্যক্রম বাস্তবায়নে চলতি অর্থবছরের বাজেট থেকে সংশ্লিষ্ট জেলাগুলোতে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী বছরজুড়ে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি নজরুলের সৃষ্টিকর্ম নিয়ে গবেষণা কার্যক্রমও জোরদার করা হবে। আন্তর্জাতিক পর্যায়ে তাঁর সাহিত্য ও সংগীত ছড়িয়ে দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় উদ্যোগ নেওয়া হবে বলেও জানান মন্ত্রী।সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে আয়োজিত অনুষ্ঠানে নজরুলবর্ষ পালনের ঘোষণা আসে, যা এখন আনুষ্ঠানিকভাবে বাস্তবায়নের পথে।









