আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল

সময়: 11:22 am - June 16, 2026 |

মানব কথা:বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে তিনি উপলব্ধি করেছেন যে, আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনোই একসঙ্গে চলতে পারে না। একইসঙ্গে তিনি সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা এবং বেকার সাংবাদিকদের কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ করেন।মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর জাতীয় প্রেস ক্লাব-এর তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন যৌথভাবে এ সভার আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, গত ১৫-১৬ বছর ধরে সাংবাদিক নেতাদের সঙ্গে ‘সংবাদপত্রের কালো দিবস’ পালন করা হচ্ছে। গণতন্ত্র পুনরুদ্ধার এবং সংবাদপত্রের স্বাধীনতা প্রতিষ্ঠার আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, ফ্যাসিবাদের সময়ে জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি জাতি কৃতজ্ঞ।তিনি বলেন, একটি রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে দেশে এমন একটি পরিবেশ সৃষ্টি হয়েছে, যেখানে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার সুযোগ তৈরি হয়েছে এবং বর্তমান সরকারও এ স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।তবে সংবাদমাধ্যমের অভ্যন্তরীণ সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, কিছু গণমাধ্যমের মালিক অন্যায়ভাবে সাংবাদিকদের ওপর নির্যাতন চালাচ্ছেন। জাতীয় প্রেস ক্লাবের সভাপতিকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার ঘটনাকে তিনি নিন্দা জানান এবং এর বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানান।

বেকার সাংবাদিকদের কর্মসংস্থানের বিষয়ে তিনি বলেন, এখনো অনেক সাংবাদিক কাজহীন রয়েছেন। এ সময় উপস্থিত তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন-এর দৃষ্টি আকর্ষণ করে তিনি ঐতিহ্যবাহী দৈনিক বাংলা ও দ্য টাইমসসহ বন্ধ হয়ে যাওয়া সংবাদপত্র পুনরায় চালুর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। প্রয়োজনে যৌথ উদ্যোগে নতুন গণমাধ্যম প্রতিষ্ঠারও পরামর্শ দেন তিনি।বিএনপিকে একটি উদার, প্রগতিশীল ও গণতান্ত্রিক দল হিসেবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দলটি ধর্ম, বর্ণ বা অন্য কোনো ভিত্তিতে বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না; বরং সবার সমান অধিকারে বিশ্বাসী। তাই সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবীর জন্য বিএনপিই সবচেয়ে নিরাপদ রাজনৈতিক দল বলে তিনি দাবি করেন। অতীতে বিএনপি সরকারে থাকাকালে সাংবাদিক নির্যাতনের ঘটনা তুলনামূলকভাবে কম ছিল বলেও তিনি মন্তব্য করেন।

আওয়ামী লীগের গত ১৫ বছরের শাসনামলকে ‘ভয়াবহ দুঃশাসন’ আখ্যা দিয়ে তিনি বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সালের শাসন নিয়ে বিভিন্ন বই থাকলেও সাম্প্রতিক সময়ের কথিত ‘ফ্যাসিবাদী শাসন’ নিয়ে এখনো পর্যাপ্ত গ্রন্থ রচিত হয়নি। এ বিষয়ে লেখক ও সাংবাদিকদের গবেষণা ও লেখালেখির আহ্বান জানান তিনি।ডিইউজের সভাপতি মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ এবং বাংলাভিশনের প্রধান সম্পাদক আব্দুল হাই সিদ্দিকসহ সাংবাদিক নেতারা।

 

Share Now

এই বিভাগের আরও খবর