বহুদলীয় গণতন্ত্রের পক্ষেই বিএনপি: মির্জা ফখরুল
মানব কথা: বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না। গত পাঁচ দশক ধরে দলটি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন-সংগ্রাম করে আসছে। শনিবার (২০ জুন) মুন্সীগঞ্জ সফর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার অভিযোগ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র চালু করেন। তিনি বলেন, বিএনপির রাজনীতির মূল ভিত্তি হচ্ছে গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের ভোটাধিকার। তিনি আরও বলেন, জনগণের সমর্থনে বিএনপি দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত হয়েছে। তাই বিএনপির গণতান্ত্রিক অবস্থান নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। একই সঙ্গে তিনি দাবি করেন, জামায়াত একটি রেজিমেন্টেড রাজনৈতিক দল এবং তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে। উভয় দেশের স্বার্থ ও মর্যাদা রক্ষা করেই চুক্তি সম্পন্ন হবে। পাশাপাশি বন্ধ থাকা শ্রমবাজার চালুর বিষয়েও আলোচনা হবে বলে জানান তিনি।এর আগে গজারিয়া উপজেলার ভবেরচর গ্রামীণ বাজারে গ্রামীণ বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত আধুনিক মার্কেট ভবনের উদ্বোধন করেন মির্জা ফখরুল। প্রায় ২ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার টাকা ব্যয়ে নির্মিত এ প্রকল্প স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি গজারিয়াবাসীর দীর্ঘদিনের দাবি ফুলদি নদীর ওপর একটি সেতু নির্মাণের আশ্বাস দেন। পাশাপাশি মুন্সীগঞ্জের কালীদাস নদীর ওপর উত্তর ইসলামপুর-মোল্লারচর কাঠের সেতুর পরিবর্তে নতুন সেতু নির্মাণেরও ঘোষণা দেন। মন্ত্রী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগব্যবস্থা উন্নয়ন, গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং মানুষের জীবনমান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হবে এবং মানুষের ভোগান্তি কমবে। সফরকালে তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন, সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় এবং জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করেন। এছাড়া জেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকেও অংশ নেন।








