পূর্ববর্তী সরকারের ভুল সিদ্ধান্তের খেসারত দিচ্ছে স্বাস্থ্যখাত: ড. জিয়াউদ্দিন
মানব কথা:দেশের টিকাদান কর্মসূচি এবং পরিবার পরিকল্পনা সামগ্রী সরবরাহে দেখা দেওয়া সংকটের জন্য পূর্ববর্তী সরকারের অব্যবস্থাপনা ও গাফিলতিকে দায়ী করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। রোববার (২১ জুন) সচিবালয়ের পুরাতন ১ নম্বর ভবনের সভাকক্ষে স্বাস্থ্য খাতে আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, সরকারের কাছে সংকটের কারণ স্পষ্ট হওয়ায় এ বিষয়ে নতুন করে তদন্তের প্রয়োজন নেই। পূর্ববর্তী সরকারের সময় যথাসময়ে ভ্যাকসিন ও পরিবার পরিকল্পনা সামগ্রী সংগ্রহ না করায় ২০২৪ সালের টিকাদান কর্মসূচির একটি পূর্ণাঙ্গ রাউন্ড বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তিনি জানান, অপারেশনাল প্ল্যান (ওপি) পদ্ধতি বাতিল করে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পদ্ধতিতে যাওয়ার সিদ্ধান্তের কারণে অর্থপ্রবাহ ব্যাহত হয় এবং প্রয়োজনীয় পণ্য সংগ্রহে দীর্ঘসূত্রতা তৈরি হয়। অনেক প্রকল্পের প্রস্তুতি, কারিগরি অনুমোদন ও প্রকল্প কার্যালয় গঠন সময়মতো সম্পন্ন না হওয়ায় পুরোনো অর্থায়ন বন্ধ হলেও নতুন অর্থায়ন কার্যকর হয়নি। এর ফলে পরিবার পরিকল্পনা কার্যক্রমে ব্যবহৃত বিভিন্ন পণ্যের সরবরাহে ঘাটতি দেখা দেয়, যার প্রভাব এখনো দেশের মানুষকে ভোগ করতে হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে তিনি বলেন, বিষয়টি বর্তমানে সরকারের পর্যালোচনায় রয়েছে। যথাসময়ে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।সংকট মোকাবিলায় সরকারের উদ্যোগের কথা তুলে ধরে স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জানান, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী বর্তমানে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অবস্থান করছেন। সেখানে সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ভ্যাকসিন ও পরিবার পরিকল্পনা সামগ্রী সংগ্রহের বিষয়ে আলোচনা করা হবে, যাতে দ্রুত ঘাটতি পূরণ করা যায়। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে টিকা ও প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রীর সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হবে এবং চলমান সংকট দ্রুত কাটিয়ে ওঠা যাবে।









