চলতি বছরের শেষেই উদ্বোধন হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী
মানব কথা:চলতি বছরের শেষ নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর বহুল প্রতীক্ষিত থার্ড টার্মিনাল উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। রোববার (২১ জুন) রাজধানীর একটি হোটেলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) আগামী ৩০ বছরের মাস্টারপ্ল্যান বিষয়ক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, থার্ড টার্মিনাল চালু হলে দেশের বিমান পরিবহন খাতে নতুন যুগের সূচনা হবে। একই সঙ্গে বগুড়া বিমানবন্দরসহ দেশের বিভিন্ন বিমানবন্দরের উন্নয়নকাজ শুরু করে বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করার উদ্যোগ নেওয়া হবে। আফরোজা খানম বলেন, “আজ প্রণীত জাতীয় বেসামরিক বিমান চলাচল মহাপরিকল্পনা আগামী ২০ থেকে ৩০ বছর কিংবা তারও বেশি সময়ের জন্য দেশের বিমান চলাচল খাতের উন্নয়ন লক্ষ্য, অগ্রাধিকার ও কৌশলগত দিকনির্দেশনা নির্ধারণ করবে।” তিনি জানান, এ পরিকল্পনার আওতায় বিমানবন্দরের অবকাঠামো উন্নয়ন, এয়ার ন্যাভিগেশন সেবার আধুনিকায়ন, এয়ারলাইনস খাতের সম্প্রসারণ, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালীকরণ, পরিবেশবান্ধব উন্নয়ন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করা হবে।
দেশের ইতিহাসে প্রথমবারের মতো সমন্বিত জাতীয় বেসামরিক বিমান চলাচল মহাপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এ কর্মশালায় বিমান পরিবহন মন্ত্রণালয়, বেবিচক, সশস্ত্র বাহিনী এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। মন্ত্রী আশা প্রকাশ করেন, এই মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক বিমান পরিবহন খাতে আরও প্রতিযোগিতামূলক অবস্থান অর্জন করবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।









