মালয়েশিয়া থেকে চীনে, শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর নতুন কূটনৈতিক মিশন
মানব কথা: মালয়েশিয়ায় দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে চীনের উদ্দেশে যাত্রা করেন তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী এখন চীনের দালিয়ানে যাচ্ছেন। সেখানে তিনি দুদিনের ব্যস্ত কর্মসূচিতে অংশ নেবেন। এরপর রাজধানী বেইজিংয়ে গিয়ে শুরু হবে তার সরকারি সফরের মূল পর্ব। চীন সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী দালিয়ানে অনুষ্ঠিতব্য বিশ্ব আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের (ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম) বার্ষিক সম্মেলনে অংশ নেবেন। সম্মেলনের পাশাপাশি বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক ও কূটনৈতিক কর্মকাণ্ডেও তার অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুঙ্গা রায় কমপ্লেক্সের বিশেষ ভিআইপি টার্মিনালে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলফিকলি হাসান। এ সময় বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার মনজুরুল করিম ও ডেপুটি হাইকমিশনার শাহানারা মলিকাও উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক ও সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো সফরের প্রধান আলোচ্যসূচিতে থাকবে।









