মুচলেকায় মুক্ত এমপিপুত্র সজীব, যুবদল থেকে বহিষ্কার

সময়: 10:58 am - June 22, 2026 |

মানব কথা: নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। একই সঙ্গে নানা অনিয়মের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করেছে যুবদল। সোমবার (২২ জুন) সকালে মুচলেকার মাধ্যমে তাকে মুক্তি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, খায়রুল ইসলাম সজীবের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে তার এক আত্মীয়ের জিম্মায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। এর আগে রোববার (২১ জুন) পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, খায়রুল ইসলাম সজীবকে প্রথমে নারায়ণগঞ্জ ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে স্থানান্তর করা হয়। অন্যদিকে, তাকে আটকের পরপরই সাংগঠনিক সিদ্ধান্তে যুবদল থেকে বহিষ্কার করা হয়। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি (দপ্তরের দায়িত্বে) নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নানা অনিয়মে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে খায়রুল ইসলাম সজীবের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। দলীয় সূত্র জানিয়েছে, অভিযোগের বিষয়ে সাংগঠনিক তদন্ত ও পরবর্তী সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর