ইতিহাস গড়েও মেসির চোখে দলের জয়ই বড়
ক্রীড়া প্রতিবেদক :এক ম্যাচে নাটকীয়তার সব উপাদানই ছিল। পেনাল্টি মিস, এরপর জোড়া গোল এবং দলকে নকআউট পর্বে পৌঁছে দেওয়া— সব মিলিয়ে অস্ট্রিয়ার বিপক্ষে লিওনেল মেসির রাতটি হয়ে থাকল স্মরণীয়। জোড়া গোল করে বিশ্বকাপ ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। নারী ও পুরুষ বিশ্বকাপ মিলিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় নতুন মাইলফলক স্পর্শ করেছেন ৩৮ বছর বয়সী এই ফুটবল মহাতারকা। তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের জয়কেই বেশি গুরুত্ব দিয়েছেন মেসি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে প্রথমে পেনাল্টি থেকে গোলের সুযোগ পেয়েও ব্যর্থ হন মেসি। তবে পরে দুর্দান্ত ফিনিশিংয়ে দুই গোল করে দলকে জয় এনে দেন তিনি। তার প্রথম গোলের মাধ্যমে ব্রাজিলের কিংবদন্তি মার্তার ১৭ গোলের রেকর্ডে ভাগ বসান। এরপর যোগ করা সময়ে দ্বিতীয় গোল করে এককভাবে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেন। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মেসি বলেন, ‘আমি প্রচণ্ড ক্লান্ত।’ তবে ঐতিহাসিক মুহূর্তের চেয়েও দলের জয়কে বড় করে দেখেছেন আর্জেন্টাইন অধিনায়ক। মেসি বলেন, ‘এই জয়ে আমি খুবই খুশি। এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কঠিন একটি ম্যাচ ছিল। এই জয় পরবর্তী ধাপের জন্য আমাদের মানসিকভাবে আরও শক্তি দেবে।’ম্যাচে পেনাল্টি থেকে গোল করতে না পারার বিষয়েও হতাশ নন মেসি। তিনি বলেন, ‘গোল করে ব্যবধান বাড়ানোর সুযোগ ছিল। তবে শেষ পর্যন্ত দলের প্রচেষ্টা ও ফলাফল নিয়ে আমি সন্তুষ্ট।’চলতি সপ্তাহেই ৩৯ বছরে পা দিতে যাওয়া মেসি বয়সকে পেছনে ফেলে চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন। এখন পর্যন্ত পাঁচ গোল করে গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে আছেন তিনি।
গ্রুপ ‘জে’-তে টানা দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর সেই সাফল্যের মূল নায়ক হয়ে ইতিহাসের পাতায় নিজের নাম আরও একবার লিখেছেন লিওনেল মেসি।









