ভোটার এলাকা স্থানান্তরের আবেদন অনলাইনে নেওয়ার উদ্যোগ নিচ্ছে ইসি
মানব কথা: সোমবার (২২ জুন) নির্বাচন কমিশনের মাসিক সমন্বয় সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গেছে। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ভোটার এলাকা স্থানান্তর অনলাইনে করার বিষয়টি আলোচনায় এসেছে, তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সূত্র জানায়, ভোটার স্থানান্তর আবেদন অনলাইনে গ্রহণ এবং ফি আরোপের বিষয়ে একটি প্রস্তাব তৈরি করে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সিনিয়র সচিবের কাছে উপস্থাপন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া এনআইডি সংশোধনের ফি পুনর্নির্ধারণের প্রস্তাব দ্রুত নিষ্পত্তির জন্য অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করার কথাও বলা হয়েছে। সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, এনআইডি সংশোধন প্রক্রিয়ায় একাধিক ধাপে একই আবেদন বাতিল হওয়ার ঘটনা ঘটছে। এটি নিয়ন্ত্রণ ও প্রক্রিয়া সহজীকরণের বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। একই সঙ্গে একজন নাগরিক কতবার একই সংশোধনের জন্য আবেদন করতে পারবেন, সেটিও নির্ধারণের উদ্যোগ রয়েছে। বৈঠকে মাঠপর্যায়ে সারা বছর ভোটার নিবন্ধন কার্যক্রম চালু রাখার নির্দেশ দেওয়া হয়। ভোটার নিবন্ধনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট সুনির্দিষ্ট করার পাশাপাশি তথ্য যাচাই ও তদারকি কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া ২০০৮ থেকে ২০১২ সালের ভোটার তথ্য আপলোড কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। মৃত ভোটারদের তালিকা হালনাগাদ কার্যক্রম সারা বছর চালু রাখার বিষয়েও আলোচনা হয়। প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ এবং স্মার্টকার্ড প্রিন্ট কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশও বৈঠকে দেওয়া হয়েছে।









