শ্রম আইন লঙ্ঘনের মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান গ্রেফতার
মানব কথা: শ্রম আইন লঙ্ঘনের মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে রাজধানীর বনানী এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান। তিনি জানান, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়ের করা একটি মামলায় সাজেদুল ইসলাম শুভ্রর বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১১টার দিকে বনানীর ডি ব্লকের ১৫ নম্বর সড়কের ৫৪ নম্বর বাসায় তেজগাঁও শিল্পাঞ্চল ও বনানী থানা পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানের শুরুতে ভবনে প্রবেশ করতে গিয়ে কয়েক দফা বাধার মুখে পড়ে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযোগ রয়েছে, নিরাপত্তাকর্মীদের অসহযোগিতা এবং চালক ও দেহরক্ষীদের উশৃঙ্খল আচরণের কারণে অভিযান দীর্ঘায়িত হয়। পরে রাতভর অবস্থানের পর বুধবার ভোরে ওই বাসা থেকেই সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেফতার করা হয়।পুলিশ জানিয়েছে, শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলার প্রেক্ষিতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।









