আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমল, স্বস্তির ইঙ্গিত জ্বালানি খাতে
মানব কথা: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমার ধারা অব্যাহত রয়েছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়ার আশাবাদ এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে তেলের বাজারে। বুধবারের শুরুর লেনদেনে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম শূন্য দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৬ দশমিক ৭১ ডলারে নেমে আসে। এর আগে মঙ্গলবারও প্রায় ১ শতাংশ দর হারিয়ে তেল মার্চের পর সর্বনিম্ন অবস্থানের কাছাকাছি পৌঁছায়। বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তেলের দামে স্বস্তি ফিরিয়ে এনেছে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার সময় প্রণালিটি বন্ধ হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে সরবরাহ সংকটের শঙ্কা তৈরি হয়েছিল, ফলে তেলের দাম দ্রুত বেড়ে যায়। এছাড়া সংঘাত সংশ্লিষ্ট বিভিন্ন দেশের জ্বালানি স্থাপনায় হামলার ঘটনাও বাজারে অস্থিরতা সৃষ্টি করেছিল। তবে বর্তমানে সরবরাহ পরিস্থিতির উন্নতির সম্ভাবনা এবং বাজারে ঝুঁকি কমে আসায় তেলের দাম নিম্নমুখী রয়েছে। জ্বালানি খাত সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক বাজারে এই মূল্যপতন অব্যাহত থাকলে আমদানিনির্ভর দেশগুলোর জন্য কিছুটা স্বস্তি তৈরি হতে পারে।









