দাভোস সম্মেলন শেষে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মানব কথা: চীনের ডালিয়ানে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনে অংশগ্রহণ শেষে রাজধানী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) স্থানীয় সময় দুপুর ২টায় ডালিয়ান থেকে হাই-স্পিড (বুলেট) ট্রেনে যাত্রা শুরু করে বিকেল ৫টা ৩৫ মিনিটে বেইজিং পৌঁছান তিনি। সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এর আগে ডালিয়ানে অনুষ্ঠিত ডব্লিউইএফের ১৭তম ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস’ সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও গণমাধ্যম প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সম্মেলনে গিনি, কাজাখস্তান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া ও মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে প্রায় ১ হাজার ৭০০ প্রতিনিধি এতে অংশ নেন।সরকারি সূত্রে জানা গেছে, ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বৈশ্বিক অর্থনৈতিক অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বেইজিংয়ে অবস্থানকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের একাধিক উচ্চপর্যায়ের বৈঠক ও দ্বিপাক্ষিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। এসব বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। উল্লেখ্য, মালয়েশিয়ায় দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে গত ২২ জুন চীনের ডালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।









