দেশে ব্যাংক হিসাব ১৯ কোটি ৩২ লাখ, মুদির দোকানও আসছে ভ্যাটের আওতায়
মানব কথা: দেশে বর্তমানে ব্যাংক হিসাবের সংখ্যা ১৯ কোটি ৩২ লাখ ৫১ হাজার ২৩২টি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর মধ্যে সঞ্চয়ী হিসাব ১৭ কোটি ৭৯ লাখ ৫০ হাজার ৪৬৫টি এবং ঋণ হিসাবের সংখ্যা এক কোটি ৫৩ লাখ ৭৬৭টি। বুধবার (২৪ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, ২০২৬ সালের মধ্যে শতভাগ প্রাপ্তবয়স্ক নাগরিককে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনতে সরকার জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল (এনএফআইএস) বাস্তবায়ন করছে। বর্তমানে দেশের আর্থিক অন্তর্ভুক্তির হার ৬৪ দশমিক ৫০ শতাংশ।
খেলাপি ঋণের অর্থ ফেরাতে আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানের সহায়তা:
সংসদে অর্থমন্ত্রী জানান, ব্যাংক খাতের অনিয়ম ও দুর্নীতির কারণে বিদেশে পাচার হওয়া ঋণের অর্থ উদ্ধারে ক্ষতিগ্রস্ত প্রায় ৩০টি ব্যাংক উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে ৯টি আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানের সঙ্গে ‘নো উইন, নো ফি’ ভিত্তিতে চুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম ধাপে সাইফুজ্জামান চৌধুরী, এস আলম, বেক্সিমকো, সিকদার, নাসা ও ওরিয়ন গ্রুপ সংশ্লিষ্ট ছয়টি মামলায় কাজ শুরু হয়েছে বলে জানান তিনি।
বৈদেশিক ঋণ ৭৮ বিলিয়ন ডলারের বেশি:
মার্চ ২০২৬ পর্যন্ত বাংলাদেশের বৈদেশিক ঋণের স্থিতি ৭৮ দশমিক ২৩ বিলিয়ন মার্কিন ডলার বলে জানান অর্থমন্ত্রী। এর মধ্যে প্রায় ৬২ শতাংশ কনসেশনাল এবং ৩৮ শতাংশ নন-কনসেশনাল ঋণ।
কৃষিঋণ মওকুফে উপকৃত ১৪ লাখ কৃষক:
অর্থমন্ত্রী জানান, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ কর্মসূচির আওতায় চলতি অর্থবছরে এক হাজার ৫৬৭ কোটি ৯৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এতে উপকৃত হয়েছেন ১৪ লাখ ১৪ হাজার ৪৩১ জন কৃষক।
ব্যাংক খাতে তারল্য সহায়তা ৭৫ হাজার কোটি টাকা:
গ্রাহকদের আমানত ফেরত দিতে সংকটে থাকা ব্যাংকগুলোর জন্য বাংলাদেশ ব্যাংক ১৫ জুন পর্যন্ত ৭৫ হাজার ৯০৩ কোটি ১১ লাখ টাকা জরুরি তারল্য সহায়তা দিয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে দেশের ৬৩টি ব্যাংক ১১ হাজার ৩২৬টি শাখা ও ৪ হাজার ৯২৯টি উপশাখার মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে।
পাঁচ ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত:
অর্থমন্ত্রী বলেন, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংককে ব্যাংক রেজোল্যুশন স্কিম-২০২৫ এর আওতায় আনা হয়েছে। আমানত সুরক্ষা আইন-২০২৬ অনুযায়ী এসব ব্যাংকের গ্রাহকদের সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পরিশোধ করা হচ্ছে। এছাড়া আমানত সুরক্ষা তহবিল থেকে ইতোমধ্যে ১২ হাজার কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে।
মুদির দোকান ও বিউটি পার্লার আসছে ভ্যাটের আওতায়:
সংসদে অর্থমন্ত্রী জানান, আগামী ২০২৬-২৭ অর্থবছরে মুদির দোকান, বিউটি পার্লার, কসমেটিকস, কনফেকশনারি, মোবাইল ও ইলেকট্রনিক্স পণ্যের দোকান, রেস্টুরেন্ট, ফার্নিচার, টাইলস, স্যানিটারি ও হার্ডওয়্যার ব্যবসাসহ বিভিন্ন খাতকে ভ্যাটের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তিনি আরও জানান, ২০২৪-২৫ অর্থবছরে ভ্যাট খাত থেকে রাজস্ব আদায় হয়েছে ১ লাখ ৪১ হাজার ৫৮৬ কোটি টাকা।









