ফয়জুল করীমের মামলা প্রত্যাহারে উদ্যোগ নিলেন এমপি মনিরুল
মানব কথা: ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার ঘটনায় বিব্রত হওয়ার কথা জানিয়েছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। একই সঙ্গে তিনি মামলাটি প্রত্যাহারের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি। পোস্টে মনিরুল হক চৌধুরী বলেন, সংবাদমাধ্যমের মাধ্যমে তিনি জানতে পেরেছেন যে, তার নির্বাচনী এলাকা সদর দক্ষিণ থানায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। তবে এ বিষয়ে তিনি আগে থেকে অবগত ছিলেন না এবং মামলাটি কারা করেছেন, সে সম্পর্কেও তার কোনো ধারণা ছিল না। তিনি লিখেছেন, “বিষয়টি জানতে পেরে আমি বিব্রত হয়েছি।”সংসদ সদস্য জানান, মামলার খবর পাওয়ার পরপরই তিনি তার নেতাকর্মীদের বাদীর সঙ্গে যোগাযোগ করে বিষয়টির সমাধান ও মামলা প্রত্যাহারের উদ্যোগ নিতে নির্দেশ দেন। পরে নেতাকর্মীরা তাকে জানিয়েছেন, বাদী মামলা প্রত্যাহারে সম্মতি দিয়েছেন।
তিনি আরও জানান, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং তার আইনজীবীকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। ফেসবুক পোস্টে মনিরুল হক চৌধুরী উল্লেখ করেন, সংসদে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে তার যে অভিযোগ ছিল, তা তিনি সংসদের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই লিখিতভাবে উপস্থাপন করেছেন। তিনি বলেন, “আমি সবসময় আইন, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার পক্ষে।” উল্লেখ্য, এমপি মনিরুল হক চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের অভিযোগে গত শনিবার কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় মুফতি ফয়জুল করীমসহ দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। যদিও বিষয়টি প্রকাশ্যে আসে বুধবার (২৪ জুন)। সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম জানিয়েছেন, সাইবার সুরক্ষা আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ গ্রহণ করে মামলাটি রেকর্ড করা হয়েছে এবং অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মামলার বিষয়টি প্রকাশ্যে আসার পরই নিজের অবস্থান ব্যাখ্যা করে সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দেন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।








