লাইসেন্স ছাড়া ওয়াকিটকি ব্যবহারে কঠোর ব্যবস্থা, সতর্ক করল বিটিআরসি
মানব কথা: লাইসেন্স ছাড়া কোনো ধরনের বেতারযন্ত্র বা ওয়াকিটকি ব্যবহার করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বৃহস্পতিবার (২৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিআরসি জানায়, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অবৈধ টেলিযোগাযোগ যন্ত্রপাতি ও স্থাপনার বিরুদ্ধে কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লাইসেন্সবিহীন ওয়াকিটকি জব্দ করা হচ্ছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা দায়ের করা হচ্ছে। বিটিআরসি জানায়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ (সংশোধনী-২০২৬) অনুযায়ী যেকোনো ধরনের ওয়াকিটকি বা বেতার যোগাযোগ যন্ত্র ব্যবহার, সংরক্ষণ, আমদানি, বিপণন কিংবা পরিচালনার জন্য কমিশন থেকে তরঙ্গ বরাদ্দ ও লাইসেন্স গ্রহণ বাধ্যতামূলক। লাইসেন্স ছাড়া এসব যন্ত্র ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ। সংস্থাটি ব্যবসাপ্রতিষ্ঠান, নিরাপত্তাসেবা প্রদানকারী সংস্থা, হোটেল, রেস্তোরাঁ, শপিং মলসহ সব ব্যক্তি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রতি বিশেষ সতর্কবার্তা দিয়ে বলেছে, বিটিআরসির অনুমোদন ছাড়া কোনো ধরনের বেতারযন্ত্র বা ওয়াকিটকি ব্যবহার করা যাবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অবৈধ ও লাইসেন্সবিহীন বেতারযন্ত্রের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইন অমান্য করলে প্রচলিত আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।









