জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড ১৮ কোটি মানুষ, একক কেউ নন: সংসদে ডা. শফিকুর রহমান

সময়: 9:30 am - June 28, 2026 |

মানব কথা:জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই আন্দোলনের কোনো একক মাস্টারমাইন্ড নেই। এই গণঅভ্যুত্থানের প্রকৃত নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের ১৮ কোটি মানুষ। রোববার (২৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৭তম দিনের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ মন্তব্য করেন। এর আগে বাজেট আলোচনায় অংশ নিয়ে জামালপুর-১ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত দাবি করেন, বিরোধীদলীয় নেতা পূর্বে বলেছিলেন যে, জুলাই আন্দোলনের প্রধান নায়ক ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।এর জবাবে ডা. শফিকুর রহমান বলেন, তার বক্তব্যের সময়কাল সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। তিনি জানান, ওই বক্তব্যটি তিনি ২০২৪ সালের এপ্রিল মাসে দিয়েছিলেন। তবে ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর তার অবস্থান স্পষ্ট হয়েছে।

তিনি বলেন, “আগস্টের ৫ তারিখের পর আমি বলেছি, যাদের নেতৃত্বে এই অভ্যুত্থান সফল হয়েছে, আমরা সবাই অন্তর থেকে তাদের সম্মান করি। কিন্তু এই আন্দোলনের একক কোনো মাস্টারমাইন্ড আমরা মানি না।” জামায়াত আমির আরও বলেন, “আমরা আমাদের যুব সমাজকে এই আন্দোলনের কৃতিত্ব দিতে চাই। আর প্রকৃত মাস্টারমাইন্ড হচ্ছে বাংলাদেশের ১৮ কোটি মানুষ।”তিনি আরও উল্লেখ করেন, ড. মুহাম্মদ ইউনূস বিদেশ সফরের সময় একজনকে আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে উল্লেখ করেছিলেন। তবে তখনই তিনি এর প্রতিবাদ জানিয়ে বলেন, জুলাই আন্দোলন ছিল গণমানুষের আন্দোলন, তাই এর কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর নয়।ডা. শফিকুর রহমানের ভাষায়, জনগণের ঐক্যবদ্ধ অংশগ্রহণ এবং তরুণদের আত্মত্যাগের মধ্য দিয়েই এই গণঅভ্যুত্থান সফল হয়েছে। তাই ইতিহাসে এর স্বীকৃতিও গণমানুষের প্রাপ্য।

Share Now

এই বিভাগের আরও খবর