তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ বিরোধীদলীয় নেতার
মানব কথা:চীনের সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি দ্রুত এ প্রকল্প বাস্তবায়নের আশা প্রকাশ করেছেন। সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, তিস্তা মহাপরিকল্পনা দেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা। প্রধানমন্ত্রী এ বিষয়ে চীনের সঙ্গে আলোচনা করেছেন, এজন্য তাকে ধন্যবাদ জানাই। প্রকল্পটি দ্রুত বাস্তবায়িত হবে বলে আমরা আশা করি।তিনি বলেন, এই সংসদ নিপীড়িত ও সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করছে। তাই এমন কোনো আচরণ করা উচিত নয়, যা জনগণের অনুভূতিতে আঘাত হানে।বিরোধীদলীয় নেতা আরও বলেন, সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে পারস্পরিক সম্মানবোধ থাকা জরুরি। সরকারি দলের উচিত বিরোধীদলকে সম্মান করা, একইভাবে দেশের স্বার্থে যৌক্তিক বিষয়ে সরকারকে সহযোগিতা করাও বিরোধীদলের দায়িত্ব।
অতীতের সংসদীয় সংস্কৃতির সমালোচনা করে তিনি বলেন, ব্যক্তি তোষামোদের রাজনীতি থেকে বেরিয়ে এসে জনগণের কল্যাণকে অগ্রাধিকার দিতে হবে। বিরোধীদল হিসেবে তারা নজর রাখবেন, বাজেটের কোনো সিদ্ধান্তে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে কি না। পাচার হওয়া অর্থ ফেরানোর বিষয়ে বাজেটে সুনির্দিষ্ট দিকনির্দেশনা নেই বলেও মন্তব্য করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনা গেলে বাজেট ঘাটতি অনেকটাই কমে আসবে। একই সঙ্গে অর্থ পাচারকারীদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনারও দাবি জানান তিনি।










