‘লাইফলাইন’ যেন আমারই জীবনের গল্প: বিদ্যা সিনহা মিম
বিনোদন ডেস্ক: ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিম অভিনীত নতুন সিনেমা ‘লাইফলাইন’। চরকির সঙ্গে এটিই তার প্রথম কাজ। সিনেমাটি নিয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই অভিনেত্রী। একই সঙ্গে জানিয়েছেন, ছবির গল্পে তিনি নিজের বাস্তব জীবনের অনেকটাই খুঁজে পেয়েছেন। সম্প্রতি সিনেমাটির বিশেষ প্রদর্শনী শেষে সংবাদ সম্মেলনে মিম বলেন, ‘লাইফলাইন’-এর গল্প আমার ব্যক্তিগত জীবনের সঙ্গে অনেকটাই মিলে যায়। আমি আমার মা-বাবার সঙ্গে খুবই সংযুক্ত। এখন তাদের বয়স হয়েছে, কখনো মা অসুস্থ হন, কখনো বাবা। এই সময়টা আমাকেও পার করতে হচ্ছে। তাই গল্পটি আমার কাছে খুবই বাস্তব মনে হয়েছে। চরকির সঙ্গে প্রথম কাজ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘এই টিমের সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে। চরকির সঙ্গে এত সুন্দর একটি কাজ দিয়ে যাত্রা শুরু করতে পেরে আমি খুবই আনন্দিত।’
সিনেমাটিতে নিজের চরিত্র প্রসঙ্গে মিম বলেন, শুটিংয়ের সময় কখনোই মনে হয়নি তিনি অভিনয় করছেন। সহশিল্পীদের সহযোগিতা ও নির্মাণশৈলীর কারণে চরিত্রটি স্বাভাবিকভাবেই ফুটে উঠেছে। তিনি বলেন, ‘মনে হচ্ছিল আমি অনন্যা চরিত্রটিই বেঁচে আছি। অনন্যার যাত্রা, অনুভূতি—সবকিছুই খুব বাস্তব ছিল।’শুটিংয়ের অভিজ্ঞতা তুলে ধরে অভিনেত্রী জানান, সিনেমার অনেক দৃশ্য ধারণ করা হয়েছে কুয়াকাটার দুর্গম এলাকায়। প্রথমে এত দূরে শুটিং করতে আপত্তি থাকলেও লোকেশন দেখার পর তার ধারণা বদলে যায়। মিম বলেন, ‘অনেক জায়গায় গাড়ি যেতে পারেনি। বাইক বা ভ্যানে করে যেতে হয়েছে। কিন্তু লোকেশনগুলো দেখার পর বুঝেছি, আমাদের গল্পের জন্য এমন পরিবেশই প্রয়োজন ছিল।’
নির্মাতা কাজী আসাদ পরিচালিত ‘লাইফলাইন’-এ মিমের সঙ্গে অভিনয় করেছেন রিজওয়ান পারভেজ। সিনেমার গল্প আবর্তিত হয়েছে ‘অনন্যা’ নামের এক নারীর জীবনের বিশেষ এক যাত্রাকে ঘিরে। বাইকে করে বিভিন্ন গন্তব্যে ছুটে চলা, খুনসুটি, দ্বন্দ্ব এবং জীবনের নানা বাস্তবতার মধ্য দিয়ে এগিয়েছে ছবির কাহিনি।নির্মাতার আশা, পরিচিত জীবনের গল্পকে নতুন দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন করা এই সিনেমা দর্শকদের আবেগ ছুঁয়ে যাবে।









