ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
মানব কথা:দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। এর মধ্যে শুধু জুন মাসেই প্রাণ হারিয়েছেন ১৩ জন। সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের, একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন, একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১২৪ জন। ফলে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ৯২৪ জন।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ১০০ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ হাজার ৪৫৫ জন।চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছিল। এর মধ্যে জানুয়ারিতে দুজন, ফেব্রুয়ারিতে দুজন এবং মে মাসে একজনের মৃত্যু হয়। জুন মাসেই প্রাণহানির সংখ্যা বেড়ে ১৩ জনে পৌঁছেছে।
এ পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়া ১৮ জনের মধ্যে ১০ জন পুরুষ এবং ৮ জন নারী। অন্যদিকে, চলতি বছরে আক্রান্ত ৫ হাজার ৯২৪ জনের মধ্যে ৩ হাজার ৬৭৯ জন পুরুষ এবং ২ হাজার ২৪৪ জন নারী।স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পরিষ্কার পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।









