সেরা শিক্ষার্থী নুজহাত ও রাহি অনুসর্গের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়
নোয়াখালী প্রতিনিধি: আনন্দ, আবেগ ও উৎসবমুখর পরিবেশে নোয়াখালীর সোনাইমুড়ীতে অনুষ্ঠিত হয়েছে অনুসর্গ শিক্ষা পরিবারের এসএসসি-২০২৬ ও এইচএসসি-২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা (ফেয়ারওয়েল) অনুষ্ঠান। সোমবার (২৯ জুন) সকাল ১১টায় সোনাইমুড়ী নিউ মার্কেটের ফুড টানেল রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা, স্মৃতিচারণ, পুরস্কার বিতরণ এবং শুভকামনা বিনিময়ের মধ্য দিয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধা, নিয়মিত পারফরম্যান্স ও সার্বিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ ‘স্টুডেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। এতে এইচএসসি-২০২৬ ব্যাচ থেকে নুজহাত আহসিম সিমিয়া এবং এসএসসি-২০২৬ ব্যাচ থেকে নুজহাত জামান রাহি এ সম্মাননা অর্জন করেন। বিদায়ী শিক্ষার্থীরা অনুসর্গ শিক্ষা পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নিজেদের অনুভূতি ব্যক্ত করেন। এইচএসসি-২০২৬ ব্যাচের শিক্ষার্থী সুলতানা দোলা বলেন, পড়াশোনার কঠিন বিষয়গুলো এখানে অত্যন্ত সহজ ও সাবলীলভাবে শেখানো হয়েছে। বিশেষ করে পরীক্ষার ভীতি দূর করতে অনুসর্গের নিয়মিত মূল্যায়ন পরীক্ষাগুলো আমাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়েছে।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত এসএসসি-২০২৬ ব্যাচের শিক্ষার্থী নুজহাত জামান রাহি বলেন, অনুসর্গ শুধু একটি কোচিং সেন্টার নয়, এটি আমাদের দ্বিতীয় পরিবারের মতো। এখানকার শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা, মানসম্মত পাঠদান ও সার্বক্ষণিক সহযোগিতা আমাদের আত্মবিশ্বাসী করে তুলেছে।শিক্ষার্থী তামজিদ হোসাইন বলেন, আমি কওমি শিক্ষাব্যবস্থা থেকে আসায় আমার একাডেমিক ভিত্তি ছিল অনেক দুর্বল। কিন্তু অনুসর্গের শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও ব্যক্তিগত যত্নের কারণে আমি প্রত্যাশার চেয়েও বেশি শিক্ষা, ভালোবাসা ও অনুপ্রেরণা পেয়েছি। অনুসর্গ শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ উল্যাহ্ ভূঁইয়া বলেন, আমাদের প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিয়ে অসংখ্য শিক্ষার্থী দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করছে। শিক্ষার্থীদের ধারাবাহিক সাফল্য ও ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় প্রেরণা। আমি বিশ্বাস করি, এবারের ব্যাচও কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের মাধ্যমে অনুসর্গ শিক্ষা পরিবার ও সোনাইমুড়ীর সুনাম আরও উজ্জ্বল করবে।
অনুষ্ঠানের শেষ পর্বে বিদায়ী শিক্ষার্থীদের হাতে স্মৃতি ক্রেস্ট, সম্মাননা ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। প্রাণবন্ত আয়োজন, আনন্দঘন মুহূর্ত এবং আবেগঘন বিদায়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।









