মানবতাবিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড
মানব কথা:জুলাই গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মঞ্জুরুল বাছিত ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। মামলায় অভিযোগ ছিল, জুলাই গণঅভ্যুত্থানের সময় সারা দেশে সংঘটিত হত্যাকাণ্ড এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে ইনু জড়িত ছিলেন। ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রেক্ষিতে এ রায় দেন।এর আগে গত ১৪ মে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হলে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। পরে ২২ জুন ট্রাইব্যুনাল ৩০ জুন রায় ঘোষণার দিন নির্ধারণ করেন।
রায় ঘোষণার আগে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক হিসেবে হাসানুল হক ইনু সরকারের গুরুত্বপূর্ণ অংশীদার ছিলেন এবং জুলাই আন্দোলনের সময় আন্দোলনকারীদের ‘জঙ্গি’ আখ্যা দিয়ে দমন-পীড়নের পক্ষে বিভিন্ন পরামর্শ দেন। রাষ্ট্রপক্ষ জানায়, মামলায় ইনুর বিরুদ্ধে ১০ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। এছাড়া তার কথোপকথনের ভিডিওসহ বিভিন্ন তথ্য-প্রমাণ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে। গত বছরের ১ ডিসেম্বর মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে চলতি বছরের ১০ মার্চ শেষ হয়। আর গত ২ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের আটটি সুনির্দিষ্ট অভিযোগে ইনুর বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছিল ট্রাইব্যুনাল।








