‘৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলুন, না হলে জনগণই খুলে দেবে’—নাহিদ ইসলাম

সময়: 10:29 am - July 1, 2026 |

মানব কথা: আগামী ৫ আগস্টের মধ্যে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ জনসাধারণের জন্য খুলে দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে জাদুঘর চালু না হলে জনগণ নিজেরাই তা খুলে প্রবেশ করবে। বুধবার (১ জুলাই) রাজধানীর রায়েরবাজারে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।নাহিদ ইসলাম বলেন, জুলাই হত্যাকাণ্ডের মামলার তদন্ত ও বিচার প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না। তিনি বিচারিক প্রক্রিয়া দ্রুত শেষ করার পাশাপাশি ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার দাবি জানান। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করে সর্বোচ্চ শাস্তি কার্যকরের আহ্বান জানান তিনি।হাসানুল হক ইনুর সাজা প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, আওয়ামী লীগ সরকারের অন্যতম সহযোগী হিসেবে ইনুর ১০ বছরের সাজা যথেষ্ট নয়। রাষ্ট্রপক্ষ আপিলের মাধ্যমে তার আরও কঠোর শাস্তি নিশ্চিত করবে বলে প্রত্যাশা করেন তিনি।

সরকারের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থান শুধু আনুষ্ঠানিকভাবে পালন করলেই হবে না। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের পাশাপাশি রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় সংস্কার করতে হবে। তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী সামনে থাকলেও সরকার এখনো কোনো আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা করেনি। সরকার দ্রুত এ বিষয়ে কর্মসূচি ঘোষণা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর