সোনাইমুড়ীতে কৃষকদের মাঝে আমন বীজ, সার ও বৃক্ষের চারা বিতরণ
সাজিদ রুবেল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি ও কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।শুক্রবার (৩ জুলাই) বিকেলে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।অনুষ্ঠানে জানানো হয়, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হচ্ছে। পাশাপাশি ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে আমন ধানের বীজ, মরিচ ও সবজির বীজ, সার এবং অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. ইয়াছিন ভূঁইয়া। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক দিদার হোসেন, পৌরসভা বিএনপির আহ্বায়ক মোতাহের হোসেন মানিক, সদস্য সচিব সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল মনসুর সেলিম এবং সোনাইমুড়ী কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর আলম।এ সময় উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিরা কৃষকদের হাতে কৃষি উপকরণ ও বৃক্ষের চারা তুলে দেন।









