ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, তিস্তা প্রকল্প ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা

সময়: 12:43 pm - July 7, 2026 |

মানব কথা:বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান-এর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক, তিস্তা মহাপরিকল্পনা, অর্থনৈতিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ১১টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। উভয় পক্ষের অংশগ্রহণে বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, রাজনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা, অর্থনৈতিক উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ এবং সাংস্কৃতিক বিনিময়ের গুরুত্ব তুলে ধরা হয়। ভবিষ্যতে এ সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক হবে বলেও আশা প্রকাশ করেন উভয় পক্ষ।

আলোচনায় তিস্তা ব্যারাজ মহাপরিকল্পনা, চীন-মিয়ানমার-বাংলাদেশ ইকোনমিক করিডোর (সিএমবিসি) এবং বাংলাদেশে চীনের সম্ভাব্য বিনিয়োগ ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়েও বিস্তারিত মতবিনিময় হয়। এ সময় ডা. শফিকুর রহমান রোহিঙ্গা সংকটের দ্রুত ও টেকসই সমাধান এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় নিজ দেশে প্রত্যাবাসনে চীনের সক্রিয় সহযোগিতা কামনা করেন। বৈঠকে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের রাজনৈতিক সেকশনের পরিচালক ঝ্যাং জিং এবং পলিটিক্যাল অ্যাটাশে রু কি উপস্থিত ছিলেন।বাংলাদেশের পক্ষ থেকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর বৈঠকে অংশ নেন।

Share Now

এই বিভাগের আরও খবর