শেষ আটের লড়াই শুরু ১০ জুলাই, প্রকাশ হলো বিশ্বকাপ কোয়ার্টার-ফাইনালের পূর্ণ সূচি
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ফুটবলের শেষ ষোলোর রোমাঞ্চকর পর্ব শেষ হতেই চূড়ান্ত হয়েছে কোয়ার্টার-ফাইনালের আট দলের লাইনআপ। নকআউট পর্বের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে মরক্কো, ফ্রান্স, স্পেন, বেলজিয়াম, নরওয়ে, ইংল্যান্ড, আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ড। অন্যদিকে শেষ ষোলোর গণ্ডি পেরোতে না পেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে তিন স্বাগতিক কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো। তাদের সঙ্গে শিরোপার দৌড় থেকে ছিটকে গেছে ব্রাজিল, পর্তুগাল, প্যারাগুয়ে, মিসর ও কলম্বিয়াও। কোয়ার্টার-ফাইনালের লড়াই শুরু হবে ১০ জুলাই (বাংলাদেশ সময়) রাত ২টায়। বোস্টন স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুইবারের রানার্সআপ ফ্রান্স এবং এবারের আসরের চমক মরক্কো।এরপর ১১ জুলাই রাত ১টায় লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও বেলজিয়াম সেমিফাইনালের টিকিটের জন্য লড়বে। ১২ জুলাই রাত ৩টায় মায়ামি স্টেডিয়ামে মাঠে নামবে নরওয়ে ও ইংল্যান্ড। একই দিন সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ওঠা সুইজারল্যান্ডের।
কোয়ার্টার-ফাইনালের সূচি (বাংলাদেশ সময়)
- ১০ জুলাই, রাত ২:০০টা — 🇫🇷 ফ্রান্স 🆚 🇲🇦 মরক্কো (বোস্টন স্টেডিয়াম)
- ১১ জুলাই, রাত ১:০০টা — 🇪🇸 স্পেন 🆚 🇧🇪 বেলজিয়াম (লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম)
- ১২ জুলাই, রাত ৩:০০টা — 🇳🇴 নরওয়ে 🆚 🏴 ইংল্যান্ড (মায়ামি স্টেডিয়াম)
- ১২ জুলাই, সকাল ৭:০০টা — 🇦🇷 আর্জেন্টিনা 🆚 🇨🇭 সুইজারল্যান্ড (কানসাস সিটি স্টেডিয়াম)
চারটি ম্যাচের বিজয়ী দলগুলোই নিশ্চিত করবে বিশ্বকাপের সেমিফাইনালে নিজেদের জায়গা। ফুটবলপ্রেমীদের চোখ এখন শেষ আটের এই হাইভোল্টেজ লড়াইয়ে, যেখানে প্রতিটি ম্যাচই হতে যাচ্ছে শিরোপার পথে একেকটি কঠিন পরীক্ষা।









