হেবা-দান দলিল নিবন্ধনে অচলাবস্থা, কমেছে রাজস্ব আদায়

সময়: 11:08 am - July 9, 2026 |

মানব কথা:নতুন অর্থবছরে হেবা ও দান দলিলে দানকর আরোপ এবং অটোমেটেড চালান (এ-চালান) বাধ্যতামূলক করায় দেশের বিভিন্ন স্থানে কয়েকদিন ধরে হেবা ও দান দলিল নিবন্ধন কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। নতুন নিয়ম সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকায় দলিল নিবন্ধনে ভোগান্তিতে পড়ছেন সেবাগ্রহীতারা। এর প্রভাব পড়েছে বিক্রয় দলিল নিবন্ধনেও। ফলে সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে দলিল নিবন্ধনের সংখ্যা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে অনেক এলাকায় দলিল নিবন্ধনের পরিমাণ আগের এক-তৃতীয়াংশে নেমে এসেছে। এতে সরকারের রাজস্ব আদায়ও কমেছে। এ পরিস্থিতিতে বিভ্রান্তি দূর করতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মঙ্গলবার একটি স্পষ্টীকরণ সার্কুলার জারি করেছে। এতে হেবা, দানকর এবং এ-চালান সংক্রান্ত বিধান বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩-এর ধারা ১২৫ এবং উৎসে কর বিধিমালা, ২০২৬ অনুযায়ী সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে নির্ধারিত বিধান কার্যকর থাকবে। তবে নতুন সংযোজিত বিধান অনুযায়ী শুধু হেবা বা দানের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে দানকর প্রযোজ্য হবে। এই কর দানকারী বা হেবাদাতাকে এ-চালানের মাধ্যমে পরিশোধ করতে হবে।

অন্যদিকে, ক্রয়-বিক্রয়ের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে দানকর প্রযোজ্য নয়। এ ক্ষেত্রে আগের নিয়ম অনুযায়ী কেবল উৎসে কর পরিশোধ করতে হবে। এনবিআর আরও জানিয়েছে, নতুন নিয়মে ভূমি উন্নয়ন কর (খাজনা) ২০২৬-২৭ অর্থবছর পর্যন্ত পরিশোধের প্রমাণ না থাকলে দলিল নিবন্ধন করা যাবে না। এছাড়া পৌরসভা, সিটি করপোরেশন ও ক্যান্টনমেন্ট এলাকার বিক্রয়, বায়নানামা, লিজ ও পাওয়ার অব অ্যাটর্নি দলিল নিবন্ধনের ক্ষেত্রে আয়কর রিটার্ন (পিএসআর) দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। নতুন বিধান অনুযায়ী কর ও অন্যান্য ফি সংশ্লিষ্ট কর অঞ্চলের নির্ধারিত অর্থনৈতিক কোডে এ-চালানের মাধ্যমে জমা দিয়ে তার কপি দলিলের সঙ্গে দাখিল করতে হবে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, দলিল নিবন্ধন নিশ্চিত হওয়ার আগে এ-চালান করা উচিত নয়। কারণ কোনো কারণে দলিল নিবন্ধন না হলে জমা দেওয়া অর্থ ফেরত পাওয়া যাবে না।এদিকে সাব-রেজিস্ট্রার ও রেজিস্ট্রেশন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন নিয়ম নিয়ে অযথা আতঙ্কের কারণ নেই। পিতা-মাতা সন্তানদের নামে, স্বামী-স্ত্রী পরস্পরের নামে এবং একই মায়ের গর্ভের ভাই-বোনের মধ্যে হেবা আগের মতোই করমুক্ত থাকবে। এসব ক্ষেত্রে নতুন করে কোনো দানকর দিতে হবে না। তবে দানকর আইনের আওতায় থাকা অন্যান্য ক্ষেত্রে প্রযোজ্য বিধান বহাল থাকবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এনবিআরের সর্বশেষ স্পষ্টীকরণের ফলে মাঠপর্যায়ের বিভ্রান্তি দূর হবে এবং হেবা ও দান দলিল নিবন্ধন কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করবে।

Share Now

এই বিভাগের আরও খবর