হামের থাবা থামছেই না: ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু

সময়: 11:18 am - July 9, 2026 |

মানব কথা: দেশে হামের প্রকোপ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৯৪৬ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪৭ জন। বৃহস্পতিবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে প্রকাশিত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮১৮ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে ৯ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮ হাজার ৯৯৮ জনে। একই সময়ে পরীক্ষায় ১২৮ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে ১৩ হাজার ১৯৮ জনে পৌঁছেছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৯২ হাজার ৩১ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৮৮ হাজার ৪১৯ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও, হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫৪ জনে। অন্যদিকে, নিশ্চিত হামে এখন পর্যন্ত ৯৩ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৪৭ জনে পৌঁছেছে, যা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর অভিভাবকদের শিশুদের নির্ধারিত সময়ে হামের টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, র্যাশ বা অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানিয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর