চট্টগ্রামে তাণ্ডবের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি বিরোধীদলীয় নেতার
মানব কথা : চট্টগ্রাম নগরীতে এক ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। মঙ্গলবার (১৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ দাবি জানান ডা. শফিকুর রহমান। তিনি বলেন, চট্টগ্রামে এক ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে ঢুকে দুর্বৃত্তরা যেভাবে তাণ্ডব চালিয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক। হামলাকারীদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় থাকলে সেটিও প্রকাশ করার আহ্বান জানান তিনি। বিরোধীদলীয় নেতা বলেন, “দুর্বৃত্তদের দ্রুত পাকড়াও করে আইনের আওতায় আনুন। জানি না, তাদের কঠিন শাস্তি নিশ্চিত হবে কি না। তবে পরিস্থিতির লক্ষণ মোটেও ভালো নয়।” সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, “জনগণকেই এখন নিজেদের আত্মরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নিতে হবে। কারণ সরকার কার্যকর নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। একের পর এক নতুন ধরনের ঘটনা ঘটেই চলেছে। এদের খুঁটির জোর কোথায়?” চট্টগ্রামের ওই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।








