তুরস্কে ৫ মাত্রার ভূমিকম্প, এখনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর নেই
অনলাইন ডেস্ক:তুরস্কের পূর্বাঞ্চলের মালাতিয়া প্রদেশে শনিবার (১৮ জুলাই) ভোরে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (AFAD) এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির।কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে মালাতিয়ার বাটালগাজি জেলাকে কেন্দ্র করে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১৫ দশমিক ৫৯ কিলোমিটার গভীরে।ভূমিকম্পের কম্পন পাশের এলাজিগ, আদিয়ামান, তুনসেলি ও শানলিউরফা প্রদেশেও অনুভূত হয়েছে, ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে AFAD।এদিকে তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মুরাত কুরুম সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জানান, বাটালগাজি কেন্দ্রিক ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো নেতিবাচক পরিস্থিতির তথ্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রাপ্ত সব তথ্য ও প্রতিবেদন মূল্যায়ন করছে।









