আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রীর বৈঠক, শ্রম সংস্কার ও কর্মসংস্থানে সহযোগিতা জোরদারের আহ্বান
মানব কথা: আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট হোংবোর সঙ্গে বৈঠক করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সোমবার সকালে সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের শ্রম খাতের সংস্কার, কর্মসংস্থান বৃদ্ধি এবং আন্তর্জাতিক শ্রমমান নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে শ্রমমন্ত্রী বলেন, বর্তমান সরকার শ্রমিকদের অধিকার সুরক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ লক্ষ্যেই বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৬ প্রণয়ন করা হয়েছে, যা আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি জানান, শ্রম বিধিমালা সংশোধন, ত্রিপক্ষীয় ন্যাশনাল সোশ্যাল ডায়ালগ ফোরাম গঠন, বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা এবং ডিজিটাল কেস ম্যানেজমেন্ট সিস্টেম চালুর কাজ এগিয়ে চলছে। পাশাপাশি শ্রমিকদের জন্য এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম জাতীয়ভাবে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রী আরও জানান, দেশে ও বিদেশে দক্ষ জনশক্তির কর্মসংস্থান বাড়াতে একটি নতুন কর্মসংস্থান অধিদপ্তর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু, আত্মকর্মসংস্থান এবং কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ করা হবে। একই সঙ্গে শ্রম অভিবাসনে স্বচ্ছতা নিশ্চিত করে কম খরচে বিদেশে কর্মী পাঠাতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
এ সময় শ্রম পরিদপ্তরের সক্ষমতা বৃদ্ধি এবং আইএলওর রোডম্যাপ বাস্তবায়নে বাংলাদেশের অগ্রগতির কথা তুলে ধরে মন্ত্রী, আইএলওর ধারা ২৬-এর অধীনে বাংলাদেশের বিরুদ্ধে চলমান অভিযোগ দ্রুত নিষ্পত্তির আহ্বান জানান। জবাবে আইএলও মহাপরিচালক গিলবার্ট হোংবো বাংলাদেশের শ্রম খাতের সাম্প্রতিক সংস্কার, বিশেষ করে ২০২৬ সালের নতুন শ্রম আইন এবং আইএলওর ১০টি মৌলিক কনভেনশন অনুসমর্থনের প্রশংসা করেন। তিনি বলেন, সংগঠনের স্বাধীনতা, শ্রমিক অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও অভিবাসী শ্রমিকদের সুরক্ষায় আইএলও বাংলাদেশের পাশে থাকবে এবং প্রয়োজনীয় নীতিগত ও কারিগরি সহযোগিতা অব্যাহত রাখবে। বৈঠকে শ্রম ও কর্মসংস্থান সচিব মো. আব্দুর রহমান তরফদার, আইএলওর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুননসহ মন্ত্রণালয় ও আইএলওর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









