ফাইনাল হারার কষ্ট নিয়ে মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার, দিলেন আবেগঘন বার্তা
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর প্রথমবারের মতো প্রকাশ্যে নিজের অনুভূতি জানিয়েছেন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি সমালোচকদের উদ্দেশেও কড়া বার্তা দিয়েছেন।স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা-র প্রতিবেদনে বলা হয়েছে, রানার্সআপ ট্রফি নিয়ে জাতীয় দলের সঙ্গে আর্জেন্টিনায় ফেরার পর ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্ট করেন লিভারপুলের এই মিডফিল্ডার।পোস্টে ম্যাক অ্যালিস্টার লেখেন, “আমরা জয়ের খুব কাছাকাছি ছিলাম, তাই কষ্টটাও অনেক বেশি। কিন্তু এই বিশ্বকাপে আমরা যে অভিজ্ঞতা অর্জন করেছি, তা কেউ আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না।”তিনি বলেন, পুরো টুর্নামেন্টজুড়ে সমর্থকদের ভালোবাসা ও সমর্থন দলকে শক্তি জুগিয়েছে। প্রতিকূল সময়েও সবাই একসঙ্গে ছিল বলেই এতদূর আসা সম্ভব হয়েছে।
২০২২ বিশ্বকাপজয়ী এই তারকা জানান, এবারের টুর্নামেন্টের দুটি মুহূর্ত তার হৃদয়ে আজীবন গেঁথে থাকবে। প্রথমটি, ফাইনালের পর রানার্সআপ পদক গ্রহণের সময় স্টেডিয়ামজুড়ে আর্জেন্টাইন সমর্থকদের একসঙ্গে গান গাওয়া। দ্বিতীয়টি, বুয়েনস আইরেসে দেশে ফেরার পর হাজারো সমর্থকের উষ্ণ অভ্যর্থনা।তিনি লিখেছেন, “বৃষ্টি আর প্রচণ্ড ঠান্ডাও আমাদের দেশের মানুষের ভালোবাসাকে থামাতে পারেনি। আপনারা সত্যিই পাগল, আর এই পাগলামির জন্যই আমরা আপনাদের এতটা ভালোবাসি।”
ম্যাক অ্যালিস্টার আরও বলেন, হারের কষ্ট থাকলেও আর্জেন্টিনাকে আবার ঘুরে দাঁড়াতে হবে। মায়ের একটি উপদেশ তুলে ধরে তিনি লেখেন, “যে খেলা তোমাকে আবার সুযোগ দেয়, তাকে কখনো ভয় পেয়ো না।”বার্তার শেষাংশে পরিবার, সতীর্থ, কোচিং স্টাফ এবং সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। একই সঙ্গে আর্জেন্টিনার পরাজয়ে যারা বিদ্রূপ করেছেন, তাদের উদ্দেশে বলেন, “আপনারা হয়তো বুঝতে পারেন না, কিন্তু আপনাদের এই আচরণ প্রতিদিন আমাদের একজন আর্জেন্টাইন হিসেবে আরও বেশি গর্বিত করে তোলে।”









